ধানমন্ডিতে ট্রাইব্যুনাল বিচারক মঞ্জুরুল বাছিদের বাসা লক্ষ্য করে ককটেল হামলা: জনতার সহায়তায় আটক ৪

0
ধানমন্ডিতে ট্রাইব্যুনাল বিচারক মঞ্জুরুল বাছিদের বাসা লক্ষ্য করে ককটেল হামলা: জনতার সহায়তায় আটক ৪

বাংলাদেশ প্রতিবেদকঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের ধানমন্ডির বাসভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের ঠিক আগমুহূর্তে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার পরপরই পলায়নরত চার দুর্বৃত্তকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হাতেনাতে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিদ। ঠিক সেই মুহূর্তে তাঁর বাসভবন লক্ষ্য করে ৪ থেকে ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, “বিচারপতির বাসায় একাধিক ককটেল নিক্ষেপ করা হলে আমরা দ্রুত সেখানে পৌঁছে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করি। পরবর্তীতে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করে।”

তিনি আরও জানান, ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত জনগণের সহায়তায় চারজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। আটকদের নাম-পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় কোনো রাজনৈতিক বা অন্তর্ঘাতমূলক পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জোর তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।