ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭ শত কেজি জেলি জব্দ;  দুজনের কারাদণ্ড

0
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭ শত কেজি জেলি জব্দ;  দুজনের কারাদণ্ড

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় একজন দুধ ম্যানেজার এর বসত বাড়িতে অভিযান চালিয়ে নকল দুধ তৈরির জেলি, তেল, কেমিক্যেল ও নকল দুধ জব্দ করেছে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন।

এ ঘটনায় ম্যানেজার মোঃ আবুল বাশার কে এক বছরের কারাদন্ড সহ ২ লাখ টাকা অর্থদন্ড ও তার সহযোগী মোঃ সবুজ কে ছয় মাসের কারাদন্ড সহ ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে। অভিযুক্ত মোঃ আবুল বাশার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে। তার সহযোগী মোঃ সবুজ একই গ্রামের মোঃ হাবিল প্রামাণিকের ছেলে।

শুক্রবার সকালে ৩০ অক্টোবর উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযান টি পরিচালোনা করেন। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশ সহযোগিতা করেন।

অভিযানে ৩৬ ড্রাম জেলি, যার ওজন ২৭ শত কেজি, দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা উপকরণ ও দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

জানা যায়, আবুল বাশার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বিভিন্ন উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালান।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, দীর্ঘদিন ধরে মোঃ আবুল বাশার নকল দুধ তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ৩৬ ড্রাম জেলি, ২০০ লিটার তেল ও ৩২০ লিটার নকল দুধ জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।