পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে বজ্রপাতের কবলে পড়ে একসঙ্গে ছয়জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বৃষ্টির মধ্যে বিলে কাজ করার সময় কালবৈশাখীর মতো আকস্মিক মেঘের তান্ডবে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় কৃষকরা প্রতিদিনের মতো সোনাপাতিল বিলে কৃষিকাজ ও মাছ শিকারের কাজে ব্যস্ত ছিলেন। বিকালের দিকে হঠাৎ করেই আকাশ কালো হয়ে প্রবল বর্ষণ শুরু হয় এবং একের পর এক বিকট শব্দে বজ্রপাত হতে থাকে। এসময় বিলে অবস্থানরত একাধিক কৃষক ও শ্রমিকের ওপর সরাসরি বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে বিকট শব্দের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত সোনাপাতিল বিলে ছুটে যান এবং সেখান থেকে ৬ জনের নিথর দেহ উদ্ধার করেন। বজ্রপাতের ভয়াবহতায় আহত হন আরও কয়েকজন। দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
বজ্রপাতের এই ভয়াবহতায় নিহত ও আহতদের স্বজনদের কান্নায় পুরো মালঞ্চি ইউনিয়নে শোকের মাতম নেমে এসেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ ও প্রশাসন পরিস্থিতির তদারকি করছে।

