বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুষ্কৃতকারীরা নাশকতার চেষ্টা চালিয়েছে। বৃহস্পতিবার (আজ) রাতে রাজধানীর ব্যস্ততম দুই এলাকা—কারওয়ান বাজারে অবস্থিত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং রাজারবাগ পুলিশ লাইনসের সামনের সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের গ্রেফতারে যৌথ চিরুনি অভিযান শুরু হয়েছে।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ১ নম্বর গেটের সামনের ব্যস্ত সড়কে হঠাৎ একদল দুর্বৃত্ত একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বিস্ফোরণের শব্দ শুনে তাৎক্ষণিকভাবে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে ছুটে যায় এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করে। কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এর ঠিক কিছুক্ষণ পর রাজধানীর আরেকটি অত্যন্ত সংবেদনশীল এলাকা রাজারবাগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনের সড়কে ককটেলটি বিস্ফোরিত করে।
গুরুত্বপূর্ণ এই পুলিশ স্থাপনার সামনে বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এক রাতে এমন ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

