বাংলাদেশ প্রতিবেদক: পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে টানা ধস, অব্যবস্থাপনা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ার প্রেক্ষাপটে এবার চরম প্রতীকী প্রতিবাদে নামছে সাধারণ বিনিয়োগকারীরা।
আগামী ১৮ মে ২০২৫, রোববার, রাজধানীর শাপলা চত্বরে কফিন নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছে নিঃস্ব বিনিয়োগকারীরা এবং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (BCMIA)।
আন্দোলনকারীরা জানিয়েছেন, এটি হবে তাঁদের ‘শেষ আহ্বান’—পুঁজিবাজার সংস্কার, দায়ীদের বিচারের দাবি এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরতে তাঁরা কফিন নিয়ে রাস্তায় নামবেন।
BCMIA সূত্রে জানা গেছে, কফিন মিছিলের মাধ্যমে বিনিয়োগকারীরা এই বার্তা দিতে চান যে, বাজার ধসের ফলে তাঁদের পুঁজির পাশাপাশি ভবিষ্যৎ স্বপ্নও ‘মৃত’ হয়ে গেছে।
সংগঠনের নেতারা দাবি করেছেন, বারবার লিখিত আবেদন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান সত্ত্বেও সরকারের নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থা কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। ফলে চূড়ান্ত প্রতিবাদ হিসেবে এই কফিন মিছিলের ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দেশের পুঁজিবাজারে অব্যাহত ধস এবং দরপতনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে। বাজার স্থিতিশীল করার জন্য বারবার দাবির পরও দৃশ্যমান কোনো পরিবর্তন না আসায় ক্ষোভ ক্রমেই তীব্র হয়ে উঠেছে।
সংগঠনের পক্ষ থেকে সকল বিনিয়োগকারী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকে এই কর্মসূচিতে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।শেষ ভরসা হিসেবে এই কফিন মিছিল কি সত্যিই সরকার ও নিয়ন্ত্রকদের ঘুম ভাঙাবে? সেটিই এখন দেখার বিষয়।

