কোটাবিরোধী আন্দোলন: সব বিশ্ববিদ্যালয়ে শনিবার বিক্ষোভ, রোববার ক্লাস-পরীক্ষা বর্জন

0
কোটাবিরোধী আন্দোলন: সব বিশ্ববিদ্যালয়ে শনিবার বিক্ষোভ, রোববার ক্লাস-পরীক্ষা বর্জন

বাংলাদেশ প্রতিবেদক: কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দুদিনের কর্মসূচি দিয়ে আজকের মতো শাহবাগ মোড় থেকে সরে গেছেন। তাদের কমসূচির মধ্যে রয়েছে, শুক্রবার অনলাইন-অফলাইনে বৈঠক, শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং রোববার সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনসহ অবস্থান ধর্মঘট।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশের শেষে এ ঘোষণা দেন কোটা আন্দোলনের সমন্বয়কারী ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম।

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেছিলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অবরোধ সন্ধ্যা ৬টায় প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকার কারণে রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হওয়া শুরু করে।

এর আগে বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর-টিএসসি হয়ে দুপুর ১২টায় শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানেই অবস্থান নেন শিক্ষার্থীরা। হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে এ কমূসূচি পালন করেন শিক্ষার্থীরা।