কোটাবিরোধী আন্দোলনে যেতে ছাত্রলীগের বাধা, হল গেটে তালা

0
কোটাবিরোধী আন্দোলনে যেতে ছাত্রলীগের বাধা, হল গেটে তালা

বাংলাদেশ প্রতিবেদক: কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শিক্ষার্থীরা যেন আন্দোলনে না যেতে পারেন, সেজন্য বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল ও কবি জসীম উদ্‌দীন হল গেটে তালা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলেও শিক্ষার্থীদের গেস্টরুমে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে হলে গিয়ে গিয়ে তালা খুলতে বাধ্য করেন।

মাস্টার দা সূর্যসেন হলে গিয়ে দেখা যায়, হলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারীরা ও হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিব উল ইসলাম, তৌহিদুজ্জামান অভিসহ বেশ কয়েকজন নেতা শিক্ষার্থীদের ধমকাচ্ছেন।

জানতে চাইলে রাকিব উল ইসলাম বলেন, ভায়োলেন্স করে দাবি আদায় করা ঠিক নয়।

এ দিকে হল থেকে শিক্ষার্থীদের নিয়ে মধুর ক্যান্টিনে অবস্থান করতে দেখা যায় বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীদের। সেখানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আসার কথা রয়েছে।