বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। চবি আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ছাড়িয়ে আনতে গেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আজ সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কোট সংস্কার আন্দোলনের চবি সমন্বয়ক রাফিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আটকে রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সব গ্রুপের নেতা-কর্মীরা। তাকে ছাড়িয়ে আনতে গেলে আজ বিকেল ৩টা ৪০ মিনিটে শহীদ মিনারে আন্দোলনকারীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হন। এই মুহূর্তে প্রক্টর অফিসের সমানে আন্দোলনকারী শিক্ষার্থীরা আবারও অবস্থান নিয়েছেন। ফলে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বাঁধার মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনের চাবি ছিনিয়ে নেন ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের কর্মীরা। এসময় আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে জোরপূর্বক তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাকে ছাড়াতে গেলে আন্দোলনকারীদের হামলা করে রক্তাক্ত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানতে চাইলে ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, শাটল ট্রেনের চাবি বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে জোর করে নিয়ে গেছে একদল শিক্ষার্থী। তবে কারা নিয়েছে তা জানি না।
হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতীম বড়ুয়া বলেন, ‘আমরা হামলার বিষয়ে জানি না। আমরা প্রক্টর অফিসে রাফির ভর্তি বাতিলের জন্য আটক রেখেছিলাম।’

