বাংলাদেশ প্রতিবেদকঃ দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ঘোষিত চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহসাধারণ সম্পাদক (এজিএস)—শীর্ষ এই তিন গুরুত্বপূর্ণ পদেই বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়।
শীর্ষ পদের ফলাফল একনজরে:
সহসভাপতি (ভিপি) এই পদে ৫,৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) ৫,৪৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির সমর্থিত)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২,২০৩ ভোট। সহসাধারণ সম্পাদক (এজিএস) ৫,০০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদ রানা (ছাত্রশিবির সমর্থিত)। তাঁর বিপরীতে ছাত্রদলের বি এম আতিকুর তানজিল পেয়েছেন ৩,৯৪৪ ভোট।
মঙ্গলবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়। তবে গণনার তথ্যে কিছুটা গড়মিল দেখা দেওয়ায় মাঝপথে বেশ কিছুক্ষণ কাজ বন্ধ থাকে। পরবর্তীতে সব জটিলতা কাটিয়ে গভীর রাতে পুনরায় গণনা শুরু হয় এবং চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ জানিয়েছেন, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন, যার মধ্যে প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসন কেন্দ্র ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ সংসদেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ১,২৪২ জন ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
জুলাই বিপ্লব পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের এই নির্বাচনকে সাধারণ শিক্ষার্থীরা সুস্থ গণতান্ত্রিক ধারার সূচনা হিসেবে দেখছেন।

