শিক্ষা প্রতিষ্ঠান কি অনলাইনে ফিরছে? চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

0
শিক্ষা প্রতিষ্ঠান কি অনলাইনে ফিরছে? চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম সশরীরে চলবে নাকি পুনরায় অনলাইন মাধ্যমে ফিরে যাবে, সেই বিষয়ে চলমান ধোঁয়াশা কাটতে যাচ্ছে চলতি সপ্তাহেই। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী জানান, হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সব পক্ষের মতামত পর্যালোচনা করবে সরকার। তিনি বলেন, আগামী দুই-একদিনের মধ্যে শিক্ষা সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের (অংশীজন) সাথে জরুরি বৈঠক করা হবে। বৈঠকে প্রাপ্ত প্রস্তাবনা ও বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। আলোচনার পর চূড়ান্ত সুপারিশগুলো বৃহস্পতিবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে উল্লেখ করে মন্ত্রী জানান, মূলত সাশ্রয়ী নীতি অনুসরণ করতেই সরকার বিকল্প ভাবছে। তিনি বলেন, “জ্বালানি সাশ্রয়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশ নানাবিধ পদক্ষেপ নিচ্ছে। জাতীয় স্বার্থে আমাদেরও কিছু সাশ্রয়ী পদক্ষেপ নিতে হতে পারে।”

শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতির সম্ভাব্য পরিবর্তন এই বৃহত্তর সাশ্রয় পরিকল্পনারই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজকের কর্মসূচি সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান, সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছেন। আজ ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসি (BNCC) প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন তিনি। প্রতিনিধিদের সুবিধা, অসুবিধা এবং ডিজিটাল শিক্ষা প্রসারে তাদের বিভিন্ন পরামর্শ গুরুত্বের সাথে শুনেছেন মন্ত্রী।

শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ রূপরেখা নির্ভর করছে আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর। জ্বালানি সাশ্রয় নাকি সশরীরে পাঠদান—কোনটি প্রাধান্য পাবে, সেদিকেই এখন তাকিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা।