গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেও পরীক্ষা দিতে না পারার অভিযোগ। উপজেলার বেড়াইদেরচালা গ্রামের হলি স্টার চাইল্ড একাডেমি স্কুলে এ ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী ছাত্র উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ দিয়েছেন। মো: রোমান উপজেলার বেড়াইদের চালা গ্রামের হলি স্টার চাইল্ড একাডেমীর ছাত্র। স্থানীয় আলহাজ্ব ধনাই ব্যাপারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করেছিল স্কুল কর্তৃপক্ষ।
ভুক্তভোগী ওই ছাত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, রোমান উপজেলার বেড়াইদের চালা গ্রামে অবস্থিত হলি স্টার চাইল্ড একাডেমির নিয়মিত ছাত্র। চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে আলহাজ্ব ধনাই বেপারী উচ্চ বিদ্যালয় থেকে স্কুল কর্তৃপক্ষ তার রেজিস্ট্রেশন করে। পরীক্ষার ফরম পূরণ করতে প্রধান শিক্ষকের হাতে তুলে দেয় ৬৮০০টাকা। তবু তার ফরম পূরণ হয়নি। পরীক্ষার আগের দিন গতকাল ২০ এপ্রিল রাতে প্রধান শিক্ষক ফোন করে তাকে নিয়ে আসন্ন মে মাস পর্যন্ত বেতন বাবদ ৪৪০০ টাকা এবং কেন্দ্র ফি বাবদ ৪৫০ টাকা নেন। পরে তাকে জানান, এবছর তার প্রবেশপত্র আসেনি। আগামী বছর পরীক্ষা দিতে হবে।
শিক্ষার্থী রোমান অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সব পাওনা পরিশোধ করার পরও আমার পরীক্ষা দেয়া হলো না। প্রধান শিক্ষকের দায়িহীনতার কারণে আমি পরীক্ষা দিতে পারিনি। আমার জীবন থেকে একটি বছর ঝরে গেল।
হলি স্টার চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক মো. শরিফ বেপারী মুঠোফোনে জানান, রুমান এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেনি। তার নিকট থেকে ফরম পূরণের কোন টাকা নেয়া হয়নি। বিদ্যালয়ের বকেয়া বেতনের টাকা নেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন ফরম পূরণের কোন টাকা নেয়া হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

