বর্ণাঢ্য আয়োজনে ২ দিন ব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

0
বর্ণাঢ্য আয়োজনে ২ দিন ব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বিমল কুন্ডুঃ  “সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তি ,গড়ে উঠুক মানবিক পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই দিনব‌্যপী ১০ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রথম দিন গতকাল শনিবার( ২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবনে (৩) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আবুল হাসনাত মোঃ শামীম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. সুমন কান্তি বড়ুয়া। সভায় “প্রযুক্তির যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন : বাংলাদেশ প্রেক্ষাপটে সমকালীন পর্যালোচনা” শীর্ষক প্রবন্ধ পাঠ করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেড নিউজের সম্পাদক আমিরুল ইসলাম কাগজি, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র সাব এডিটর শাহনাজ পলি প্রমূখ।

প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১০ বছরে পদার্পণ করলেও এখনো ভাড়া বাসায় পাঠদান চলছে যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন বিগত ১০ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যা হওয়ার কথা ছিল, তার অনেক কিছুই হয়নি। এটি শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিল। প্রকৃত উন্নয়নের পরিবর্তে নাম ও সাইনবোর্ড বদলেই সীমাবদ্ধ ছিল । তিনি বলেন, যেহেতু আমি শাহজাদপুর আসন থেকে এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছি । তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার দায়বদ্ধ আছে।

তিনি বলেন যত শীঘ্র সম্ভব শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হবে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি আধুনিক ও আন্তর্জাতিক মান-সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। পরে প্রধান অতিথি রিসোর্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের উদ্বোধন করেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পীবৃন্দ ও ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী মিজান মাহমুদ রাজীব।

রোববার (২৬ জুলাই) অনুষ্ঠানের দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং শাহজাদপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, বৃত্তি প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি আসতে পারেননি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন- ৩০ এর মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার । এতে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া , শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এদিন দুপুরে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন