মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নাট্যচর্চার সংগঠন ‘কাদাঁমাটি থিয়েটার’-এর দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদ হাসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাজমুল ইসলাম পিন্টু। সহ সভাপতি হিসেবে রয়েছেন রাজিব পাল রনি, সহ সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম হৃদয়। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা চৌধুরী এবং প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হৃদয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রাজন শেখ, সাইফুল ইসলাম, নিশাদ ঢালী, রফিকুল ইসলাম রনি ও ছায়েদুছ ছিয়াম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, স্থানীয় সাংস্কৃতিক চর্চা, নাট্যসাধনার বিস্তার এবং তরুণদের মঞ্চনাটকে যুক্ত করার ক্ষেত্রে ‘কাদাঁমাটি থিয়েটার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, ২০০৯ সালে ‘কাদাঁমাটি থিয়েটার’ এর আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি নিয়মিত মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকায় প্রশংসিত ভূমিকা পালন করে আসছে।
নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন, নাট্যচর্চার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

