বিনোদন ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন দেশজুড়ে মহাসমারোহে মুক্তি পেয়েছে শাকিব খানের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। টিকিট কাউন্টারগুলোতে ‘হাউজফুল’ বোর্ডের কারণে অনেক দর্শককে ফিরে যেতে হয়েছে। দর্শক চাহিদার এই আকাশচুম্বী পারদ দেখে দেশের প্রিমিয়াম মাল্টিপ্লেক্স চেইন ‘স্টার সিনেপ্লেক্স’ মুক্তির দ্বিতীয় দিনেই সিনেমাটির প্রদর্শনীর সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।
মুক্তির দিন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সব মিলিয়ে ‘রকস্টার’ সিনেমার মোট ১৮টি শো ছিল। কিন্তু অগ্রিম টিকিট বুকিংয়ের অভাবনীয় চাপ এবং হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়ের কারণে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের শিডিউল পুনর্বিন্যাস করে। ফলে মুক্তির দ্বিতীয় দিন (শুক্রবার) থেকেই ১৮টি শোয়ের পরিবর্তে ৩৬টি শো নিয়ে বড় পর্দায় কাঁপানো শুরু করেছে ‘রকস্টার’।
সিনেপ্লেক্স সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং সপরিবারে আসা দর্শকদের মাঝে শাকিবের নতুন এই অবতার নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ভাঙার ইঙ্গিত দিচ্ছে।
এবারের ঈদে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে ছোট-বড় মিলিয়ে মোট ৯টি সিনেমা মুক্তি পেয়েছে। দেড় শতাধিক হলের এই বিশাল বাজারে বরাবরের মতোই হল মালিকদের প্রথম পছন্দ ছিলেন শাকিব খান। ফলে সিংহভাগ প্রেক্ষাগৃহের দখল নিয়েছে ‘রকস্টার’। দেশের ১০৫টি শীর্ষস্থানীয় হলে একযোগে মুক্তি পেয়ে মুক্তির শুরুতেই অন্য সব সিনেমাকে পেছনে ফেলে যোজন যোজন এগিয়ে গেছে এই সিনেমা।
রোমান্স, হাই-ভোল্টেজ মিউজিক এবং ভিন্নধর্মী সিনেমাটোগ্রাফির কারণে মুক্তির আগে থেকেই আলোচনা ও ট্রেলারে বুঁদ করে রেখেছিল ‘রকস্টার’। সিনেমাটিতে নাম ভূমিকায় শাকিব খানের একদম নতুন লুক, হেয়ারস্টাইল ও অভিনয়শৈলী দর্শকদের মাঝে নতুন চমক সৃষ্টি করেছে।
এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধে বড় পর্দায় এসেছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। পর্দায় তাঁদের নতুন রসায়ন দর্শকরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। পাশাপাশি সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী ও তারিক আনাম খানের মতো শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতি সিনেমাটির গল্পকে আরও প্রাণবন্ত করেছে।
সিনেবোদ্ধাদের মতে, গল্প ও নির্মাণশৈলীতে যে আধুনিকতার ছোঁয়া পরিচালক আজমান রুশো দিয়েছেন, তা-ই ‘রকস্টার’কে ঈদের সেরা ব্লকবাস্টার হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রাখছে। উইকেন্ড বা ছুটির দিনগুলোতে এই ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

