সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা অভিযান: অব্যবস্থাপনায় চরম ক্ষোভ, কড়া হুঁশিয়ারি

0
সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা অভিযান: অব্যবস্থাপনায় চরম ক্ষোভ, কড়া হুঁশিয়ারি

মুহ.মিজানুর রহমান বাদলঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতাল চত্বরে হাজির হন।

সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের অপারেশন থিয়েটার, স্টোর রুম, রোগীদের সেবার মান এবং পরিচ্ছন্নতা সরেজমিনে ঘুরে দেখেন মন্ত্রী। পরিদর্শন শেষে হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসা সেবার বেহাল দশা দেখে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পরিদর্শনকালে মন্ত্রী দেখতে পান যে, হাসপাতালের সেবার মান অত্যন্ত নাজুক। বিশেষ করে জনবল সংকটের চিত্র ছিল ভয়াবহ মোট ৩২ জন চিকিৎসকের মধ্যে ১২ জন রয়েছেন প্রেষণে (অ্যাটাচমেন্ট), এবং ৪ জন কর্মস্থলে অনুপস্থিত। মাত্র ১৬ জন চিকিৎসক দিয়ে বিশাল জনগোষ্ঠীর এই হাসপাতালটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বাথরুম ও হাসপাতালের আশপাশের পরিবেশ ছিল সন্তোষজনক নয়।

কর্তব্যে অবহেলার বিষয়ে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি ঘোষণা করে মন্ত্রী বলেন, “১৬ জন চিকিৎসক দিয়ে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল চলতে পারে না। যারা দায়িত্ব পালনে গাফিলতি করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, হাসপাতালে দালালের দৌরাত্ম্য এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, সরকারের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত নিশ্চিত করে গ্রামীণ সাধারণ মানুষ যাতে বিনা হয়রানিতে সুলভে চিকিৎসা পায়, সেই লক্ষ্যেই মন্ত্রণালয় কাজ করছে।

পরিদর্শন শেষে মন্ত্রী সিংগাইর পৌরসভার উদ্যোগে আয়োজিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। তিনি নিজ হাতে পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়ে জনসচেতনতার বার্তা দেন।

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।