অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে – প্রতিমন্ত্রী ড. মুহিত এমপি

0

শাহজাদপুর প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, সঠিক সময়ে টিকা প্রদান না করায় দেশে হাম ছড়িয়ে পড়েছে। বিগত এক সরকারের দুর্নীতি এবং অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। যার ফলে দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯ টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬’ আনুষ্ঠানিক উদ্বোধন কালে তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ রানা।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা: নুরুল আমিন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ডা: আলী আজমল প্রমূখ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এমএ মুহিত এমপি আরো বলেন, ২০২০ সালের পর ২০২৫ সালে আরেকটি জরুরি টিকাদান কর্মসূচি হওয়া উচিত ছিল। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের ভুলনীতি ও অবহেলার কারণে তা সম্ভব হয়নি। গত ১৫ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কাজ করার সুযোগ পাননি। এমনকি অনেকের বেতন-ভাতা নিয়েও জটিলতার সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন , বর্তমান সরকার দায়িত্ব নেয়ার ১৫ দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির দিক নির্দেশনায় তাৎক্ষণিকভাবে এর চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়। তিনি বলেন প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা এবং দ্বিতীয় ধাপে ৫টি সিটি কর্পোরেশনে হামের টিকাদান সম্পন্ন করা হয়েছে। আজ থেকে সারা দেশে একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হলো। আগামী ১০ মে তারিখের মধ্যে সারাদেশে ১ কোটি ৭৮ লাখ শিশুকে এই টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে । প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আরো বলেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতিকরণ এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সঠিক রোগ নির্ণয়ের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।