নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব অবহেলা আর কোনোভাবেই বরদাশত করা হবে না বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। অতীতের মতো দায়িত্বহীনতার সংস্কৃতি পরিহার করে অবিলম্বে চিকিৎসাসেবার মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (১৪ জুন) নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) নবনির্মিত আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধন শেষে ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনের সময় সেখানকার অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “একজন মন্ত্রী পরিদর্শনে আসবেন জেনেও আপনারা হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার রাখেননি। বিগত তিন মাস সময় দেওয়ার পরও এই দশা! এখন আর কোনো অজুহাত শোনা হবে না। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ ও শৃঙ্খলায় দৃশ্যমান পরিবর্তন আনতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট সবাইকে কঠোর জবাবদিহির মুখোমুখি হতে হবে।”
জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রান্তিক মানুষের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে জিডিপির ১ দশমিক ২ শতাংশ বরাদ্দ দিয়ে ৬৯ হাজার কোটি টাকার বিশাল বাজেট রাখা হয়েছে। এই বিপুল অর্থ পুরোপুরি জনকল্যাণে ব্যয় করা হবে।
তিনি আরও জানান, ঢাকার ওপর রোগীর চাপ কমাতে ইতোমধ্যে দেশের ১০টি জেলায় নতুন আইসিইউ ইউনিট চালু করা হয়েছে, যাতে সামান্য শ্বাসকষ্ট বা জরুরি নিবিড় পরিচর্যার জন্য রোগীদের আর রাজধানীমুখী হতে না হয়। স্থানীয় চিকিৎসকদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, রোগীদের অযথা ঢাকার হাসপাতালে রেফার না করে স্থানীয় পর্যায়েই সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
“আমরা সবাই একটি পরিবার। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় যার যা প্রয়োজন, স্বাস্থ্য মন্ত্রণালয় তা সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু দায়িত্ব পালনে বিন্দুমাত্র শৈথিল্য সহ্য করা হবে না।” – সরদার সাখাওয়াত হোসেন, স্বাস্থ্যমন্ত্রী।
আসন্ন ডেঙ্গু মৌসুমের ভয়াবহতা মোকাবিলায় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগকে ত্রিপক্ষীয় সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, ডেঙ্গু রুখতে কেবল হাসপাতাল প্রস্তুত রাখলেই চলবে না, এডিস মশার বিস্তার রোধে পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে। লার্ভা নিধনে স্থানীয় প্রশাসন ও নগর সংস্থাকে আরও বেশি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

