আদালত প্রতিবেদকঃ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশের দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল।
আজ রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এই ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ রায় চূড়ান্তভাবে প্রকাশ করেন।
ট্রাইব্যুনালের রায়ে আবু সাঈদকে সরাসরি লক্ষ্য করে গুলি ছোঁড়া ও হত্যার দায়ে পুলিশের দুই সদস্যের ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন আমির হোসেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। সুজন চন্দ্র রায় কনস্টেবল।
ফাঁসির আদেশপ্রাপ্ত এই দুই কর্মকর্তা ছাড়াও মামলার বাকি আসামিদের অপরাধের মাত্রা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের বুলেটের মুখোমুখি হন ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। বুক চিতিয়ে, দুই হাত প্রসারিত করে পুলিশের বন্দুকের সামনে তাঁর অকুতোভয় দাঁড়িয়ে থাকার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
নিরস্ত্র সাঈদের ওপর পুলিশের সেই বর্বর ও সরাসরি গুলি ছোঁড়ার দৃশ্য দেশ-বিদেশে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। এই হত্যাকাণ্ডের পর কোটা আন্দোলন এক দফায় রূপ নেয় এবং তা ছাত্র-জনতার এক অভূতপূর্ব গণবিক্ষোভে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন সরকার কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন করলেও তা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়।
আবু সাঈদের আত্মত্যাগ ছিল চব্বিশের জুলাই বিপ্লবের মূল চালিকাশক্তি। এই নৃশংস হত্যাকাণ্ডের মাত্র ২০ দিন পর, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
আইনজীবীরা জানিয়েছেন, এই পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় বিচার প্রক্রিয়ায় ন্যায়বিচার প্রাপ্তির পথ আরও সুদৃঢ় ও চূড়ান্ত হলো।

