জয়নাল আবেদীনঃ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত ডেংগু ওয়ার্ড চালু করা হয়েছে। রংপুরে ডেংগু আক্রান্ত রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন ।সোমবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার নাজু ফিতা কেটে ডেংগু ওয়ার্ডটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. ওয়াজেদ আলী।
তিনি তার বক্তব্যে বলেন ডেংগু একটি মশাবাহিত রোগ হলেও সময়মতো সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে জটিলতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। রংপুরে ডেংগু আক্রান্ত রোগীদের জন্য পৃথক ২০ শয্যার ওয়ার্ড চালু হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা আরও সুসংগঠিত হবে। বিশেষায়িত এই ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসা, পর্যবেক্ষণ ও নার্সিংসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল শুরু থেকেই সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও দরিদ্র রোগীরা যাতে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেংগু রোগীদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড চালুর মাধ্যমে সংকটকালে রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার সুযোগ আরও বাড়ল।
রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। আর্থিক অসচ্ছলতা যেন কোনো রোগীর চিকিৎসার পথে বাধা না হয়, সে লক্ষ্যেই রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কাজ করছে। ডেংগু আক্রান্ত রোগীদের জন্য পৃথক ২০ শয্যার ওয়ার্ড চালু করা হয়েছে, যাতে রোগীরা প্রয়োজন অনুযায়ী দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা পান। ভবিষ্যতেও সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিকে ডেংগু ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের স্বজনরা হাসপাতালের পরিবেশ এবং চিকিৎসক ও নার্সদের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, পৃথক ডেংগু ওয়ার্ড থাকায় রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণ নিয়ে স্বজনদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে। চিকিৎসক ও নার্সরা নিয়মিত রোগীদের খোঁজখবর নেওয়ায় তারা সন্তুষ্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, পরিচালনা পর্ষদের পরিচালক মেজর (অব.) মো. নাসিম উদ্দিন, মো. মোয়াজ্জেম হোসেন সরকার, মোশাররফ হোসেন দীপ্তি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ বি এম আবু হানিফ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শরিফুল ইসলাম রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ সহ রংপুর গ্রুপ এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

