স্বাস্থ্যসেবায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি পিএসসির

0
স্বাস্থ্যসেবায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি পিএসসির

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার করতে ও জনবল সংকট মেটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে বহুল প্রতিক্ষীত ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। স্বাস্থ্য ক্যাডারে একযোগে এত বিপুল সংখ্যক সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের খবর চিকিৎসা অঙ্গনে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি করেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের আওতায় সর্বমোট ৫ হাজার চিকিৎসকের মধ্যে সহকারী সার্জন ৪,৭০০ জন (আবশ্যকীয় যোগ্যতা: এমবিবিএস বা সমমানের ডিগ্রি)। সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন (আবশ্যকীয় যোগ্যতা: বিডিএস বা সমমানের ডিগ্রি)।

অনলাইনে আবেদনপত্র পূরণ কার্যক্রম আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে।

২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। ভুল তথ্য এড়াতে কোনো প্রার্থী একই পদে একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের হিসাবে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশ সরকারের পূর্বানুমতি ব্যতিরেক কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ থাকলে সংশ্লিষ্ট প্রার্থী আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

বিশেষ বিসিএস হওয়ায় নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২০০ নম্বরের এমসিকিউ (MCQ) টাইপ লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার (Viva-Voce) সমন্বয়ে।

২০০টি প্রশ্ন সংবলিত লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন মেডিক্যাল/ডেন্টাল (সংশ্লিষ্ট ক্যাডার/বিষয়ভিত্তিক) ১০০ নম্বর, বাংলা ২০ নম্বর, ইংরেজি ২০ নম্বর,বাংলাদেশ বিষয়াবলি ২০ নম্বর,আন্তর্জাতিক বিষয়াবলি ২০ নম্বর, মানসিক দক্ষতা ১০ নম্বর,গাণিতিক যুক্তি ১০ নম্বর, ঋণাত্মক নম্বর (Negative Marking) ও কেন্দ্র

প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। তবে ভুল উত্তরের জন্য ০.৫০ (আধা) নম্বর কেটে নেওয়া হবে। বিশেষ বিসিএসের এ লিখিত পরীক্ষাটি কোনো বিভাগীয় শহরে নয়, কেবলমাত্র রাজধানী ঢাকায় নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে।

পিএসসি আশা প্রকাশ করেছে, এই বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুততম সময়ে ৫ হাজার মেধাবী চিকিৎসককে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে, যা প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।