প্রেমিকের বুদ্ধিতে বাংলাদেশ থেকে ফিল্মি স্টাইলে আইরিস তরুণী উদ্ধার

0
প্রেমিকের বুদ্ধিতে বাংলাদেশ থেকে ফিল্মি স্টাইলে আইরিস তরুণী উদ্ধার

বাংলাদেশ ডেস্ক: অসুস্থ দাদীকে দেখার কথা বলে তাকে বাংলাদেশে নিয়ে আসে মা-বাবা। এরপর ‘জোর করে’ বিয়ে দিয়ে দেন তারা। পরে ওই মেয়ের পাসপোর্ট নিয়ে বাবা আর মা আবার ফিরে যান আয়ারল্যান্ডে। আর এই দিকে মেয়ে ভোগ করতে থাকেন অসহ্য নির্যাতন। তবে তা বেশিদিন সহ্য করতে হয়নি। কয়েক মাস পরে মেয়েটির আয়ারল্যান্ডে থাকা প্রেমিকের বুদ্ধিতে ব্রিটিশ এবং আইরিশ সরকারের সহযোগিতায় সম্প্রতি উদ্ধার করা হয়েছে মেয়েটিকে।

এমন লোমহর্ষক ঘটনার কথা জানা গেছে আয়ারল্যান্ডের প্রভাবশালী অনলাইন পত্রিকা হেরাল্ড থেকে। প্রতিবেদনে ২১ বছর বয়সী ওই তরুণীর ছদ্মনাম হিসেবে ‘আমালা’ ব্যবহার করা হয়েছে।

আমালা হেরাল্ডকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানান, তারা মা-বাবা গত বছর তাকে নিয়ে অসুস্থ দাদীকে দেখার কথা বলে বাংলাদেশে আসেন। এরপর এখানে এনে তাকে বিয়ে দিয়ে দেয়া হয়। আমালাকে বাংলাদেশ থেকে রীতিমতো ফিল্মি স্টাইলে উদ্ধার করা হয়। বুলেটফ্রুপ গাড়িতে নেয়ার সময় সাইবার গোয়েন্দারা বিভিন্ন স্থান থেকে নজর রাখেন।

আমালার দাবি, বাংলাদেশে আসার পর তার মা-বাবা ফোন এবং পাসপোর্ট ছিনিয়ে নেন। এরপর বিয়েতে বাধ্য করেন। ঠিকমতো বাংলা বলতে না পারা আমালা দুই মাস স্বামীর সংসার করেন।

তার অভিযোগ, এই দিনগুলোতে তাকে মানসিক এবং যৌন নির্যাতন করা হয়েছে।

আমালা বলেন, ‘ভয়ংকর দিন কেটেছে আমার। দিনের পর দিন, রাতের পর রাত আমি চোখের জলে ভেসেছি। ভেবেছিলাম সারাজীবন এখানেই থাকতে হবে। ওই সময় আত্মহত্যার কথাও ভেবেছি।’

শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতিতে না গিয়ে আমালা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেন। ওই যুবক আয়ারল্যান্ডে বসে ব্রিটেনের ফোর্সড ম্যারেজ ইউনিটের সঙ্গে যোগাযোগ করেন, কারণ আয়ারল্যান্ডে এ ধরনের ইউনিট নেই।

আয়ারল্যান্ডের প্রভাবশালী অনলাইন পত্রিকা হেরাল্ড জানায়, ব্রিটিশ সরকার তখন আইরিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমালার বিষয়টি জানায়। এরপর কর্মকর্তারা বাংলাদেশে আমালার শ্বশুরবাড়ির বিল্ডিংয়ের পেছন থেকে তাকে উদ্ধার করেন। এখন তিনি ডাবলিনে আছেন।