“নির্বাচন সাজানো, নতুন সরকার অবৈধ: ডয়চে ভেলেতে জয়ের বিস্ফোরক সাক্ষাৎকার”

0
"নির্বাচন সাজানো, নতুন সরকার অবৈধ: ডয়চে ভেলেতে জয়ের বিস্ফোরক সাক্ষাৎকার"

আন্তর্জাতিক ডেস্কঃ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘সম্পূর্ণ সাজানো’ এবং আসন্ন নতুন সরকারকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ এই নির্বাচন ও সরকার কোনোটিই মেনে নিচ্ছে না।

সাংবাদিক সমন্তক ঘোষের নেওয়া এই সাক্ষাৎকারে জয় প্রশ্ন তোলেন নির্বাচনের নৈতিক ভিত্তি নিয়ে। তিনি বলেন, “সদ্য শেষ হওয়া নির্বাচন সম্পূর্ণ সাজানো, এটি অবশ্যই আমরা মানছি না। কিভাবে মানব? একটা নির্বাচন—যেখানে অর্ধেক দলকে (আওয়ামী লীগ ও তার জোট) গায়ের জোরে বাদ দেওয়া হয়, সেটা কিভাবে নির্বাচন হয়?”

নতুন সরকারের বৈধতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, “না, যেই নতুন সরকার গঠন হবে সেটা তো কোনো বৈধ সরকার হবে না।”

সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তাঁর মায়ের রাজনীতিতে ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, শেখ হাসিনা সম্ভবত আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। জয়ের ভাষ্যমতে: শেখ হাসিনা অনেক আগেই অবসর নিতে চেয়েছিলেন। দেশের জন্য এতো পরিশ্রমের পর যেভাবে তাঁকে চলে যেতে হয়েছে, তাতে তিনি অত্যন্ত মর্মাহত। ব্যক্তিগতভাবে শেখ হাসিনা আর রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেননি।

নিজের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে জয় জানান, তিনি কখনোই সরাসরি রাজনীতি করতে চাননি এবং এখনো সরাসরি রাজনীতিতে নামার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাঁর নেই। তবে দলের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি ঐক্যবদ্ধ দল। কিন্তু বর্তমান যে দমন-পীড়ন চলছে, তাতে নিরাপদ রাজনৈতিক পরিবেশ ছাড়া নেতৃত্বের ফেরা কঠিন।”

সাক্ষাৎকারে ক্ষমার প্রশ্নে জয় ‘সমান বিচার’ ও দায়বদ্ধতার দাবি তোলেন। তিনি মনে করেন, অতীত সঙ্কটের চেয়েও বর্তমান সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চলমান দমন-পীড়ন অনেক বড় বাস্তব এবং ভয়ংকর। তিনি দাবি করেন, দেশে এখন একটি ভীতিকর পরিবেশ বিরাজ করছে যেখানে ভিন্ন মতের কোনো স্থান নেই।

এই সাক্ষাৎকারটি এমন এক সময়ে এলো যখন আগামী ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রস্তুতি চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জয়ের এই অনমনীয় অবস্থান আগামী দিনে দেশের রাজনৈতিক মেরুকরণকে আরও জটিল করে তুলতে পারে।