যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘বড় চমক’ প্রস্তুত, মার্কিন হুমকিকে ‘হাস্যকর’ বলছে ইরান

0
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘বড় চমক’ প্রস্তুত, মার্কিন হুমকিকে ‘হাস্যকর’ বলছে ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। খুব শীঘ্রই দেশ দুটির জন্য ‘বড় ধরনের চমক’ অপেক্ষা করছে বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। রোববার (৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়।

ওই কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, ইরান তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং তাদের হাতে একাধিক ‘বিশেষ টার্গেট’ রয়েছে, যেখানে হামলা চালিয়ে শত্রুপক্ষকে হতভম্ব করে দেওয়া হবে।

বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া সমালোচনা করা হয়। ওই নিরাপত্তা কর্মকর্তার দাবি যুক্তরাষ্ট্র ইরানের যে লক্ষ্যবস্তুগুলোতে হামলার তালিকা তৈরি করেছে, তা সঠিক নয়।

ইরানের গুরুত্বপূর্ণ সেতুগুলোতে হামলার বিষয়ে ট্রাম্পের হুমকিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। ইরানের দাবি, নিজেদের সামরিক ব্যর্থতা এবং যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার গ্লানি মুছতেই ওয়াশিংটন এখন ফাঁকা হুমকি দিচ্ছে।

ইরানি ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ভেবেছিল দ্রুত ও সহজ কোনো হামলার মাধ্যমে ইরানকে কুপোকাত করবে, কিন্তু তাদের সেই কৌশল শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, গেরিলা এবং অসম যুদ্ধে (Asymmetric Warfare) ইরান দীর্ঘদিনের অভিজ্ঞ এবং অত্যন্ত শক্তিশালী।

সম্প্রতি দক্ষিণ-পশ্চিম ইরানে মার্কিন এফ-১৫ই (F-15E) যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার রেশ টেনে ওই কর্মকর্তা বলেন, “দক্ষিণ ইরানে তারা যা করেছে, সেই পরিস্থিতিও খুব শীঘ্রই আমাদের অনুকূলে চলে আসবে। আমরা এমন এক চমক প্রস্তুত রেখেছি যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কল্পনাও করতে পারছে না।”

গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইরানে অভিযান চালাতে গিয়ে মার্কিন একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে থাকা দুই বৈমানিকের একজনকে উদ্ধার করা গেলেও অন্যজনকে নিয়ে দীর্ঘ উত্তেজনা চলে। ইরানের এই সাম্প্রতিক হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কাকে আরও উসকে দিচ্ছে।