উত্তেজনার মাঝে স্বস্তি: দুই সপ্তাহ পর খুলে গেল হরমুজ প্রণালি

0
উত্তেজনার মাঝে স্বস্তি: দুই সপ্তাহ পর খুলে গেল হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম তেল পরিবহন পথ হরমুজ প্রণালি অবশেষে বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে ইরান। চলমান অস্থায়ী যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাগচি জানান, লেবাননে চলমান যুদ্ধবিরতির পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন সব ধরনের পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজ এখন থেকে এই রুট ব্যবহার করতে পারবে। ইরান বন্দর ও সামুদ্রিক সংস্থার (PMO) পূর্ব ঘোষিত নির্দিষ্ট ও সমন্বিত রুট অনুযায়ী জাহাজগুলো চলাচল করবে। এই সুবিধা কার্যকর থাকবে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদের শেষ দিন পর্যন্ত।

উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি মাসে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় তেহরান কৌশলগতভাবে এই জলপথটি কার্যত বন্ধ করে দিয়েছিল। এর জবাবে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রও হরমুজ প্রণালিতে পাল্টা নৌ অবরোধের ঘোষণা দেয়। দীর্ঘ কয়েক সপ্তাহের এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছিল।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত এই দুই সপ্তাহের বিশেষ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২২ এপ্রিল। তেহরানের এই নমনীয় অবস্থানকে অনেকে উত্তেজনা প্রশমনের সংকেত হিসেবে দেখলেও, ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকলেও, ২২ এপ্রিলের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।