তামিলনাড়ুতে ‘থালাপতি’ ম্যাজিক: স্ট্যালিনকে হটিয়ে সিংহাসনের পথে বিজয়ের টিভিকে

0
তামিলনাড়ুতে ‘থালাপতি’ ম্যাজিক: স্ট্যালিনকে হটিয়ে সিংহাসনের পথে বিজয়ের টিভিকে

আন্তর্জাতিক ডেস্কঃ রুপালি পর্দার অ্যাকশন হিরো থেকে এখন তিনি বাস্তবের ‘কিংমেকার’। তামিলনাড়ুর দীর্ঘ ৫০ বছরের দ্রাবিড় রাজনীতির সমীকরণ ওলটপালট করে দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলেছেন অভিনেতা বিজয়। তার নবগঠিত দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (TVK) এখন রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে।

আজ সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোট গণনা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ১০৯টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, টানা তিনবার জয়ের স্বাদ পাওয়া বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজের দুর্গ হিসেবে পরিচিত কোলাথুর আসনেই পিছিয়ে পড়েছেন। ডিএমকে (DMK) জোট বর্তমানে তৃতীয় স্থানে নেমে গেছে, আর এআইএডিএমকে (AIADMK) দ্বিতীয় অবস্থানে থাকলেও বিজয়ের চেয়ে অনেকটাই পিছিয়ে।

থালাপতি বিজয় নিজে পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি (পূর্ব)—এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণনার শুরু থেকেই তিনি দুই আসনেই বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার এই আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে চেন্নাইয়ের রাজপথে হাজার হাজার ভক্ত-সমর্থক ‘থিলাগা ভেট্রি’ স্লোগানে উল্লাস করছেন।

১৯৯২ সালে ‘নালাইয়া থীরপু’ ছবির মাধ্যমে অভিষেক হওয়া ১৮ বছরের সেই তরুণ আজ তামিল রাজনীতির ভাগ্যবিধাতা। চলচ্চিত্র জীবনে বক্স অফিসে একের পর এক ৩০০ ও ৬০০ কোটি রুপির ‘ব্লকবাস্টার’ উপহার দেওয়ার পর, বিজয় গত বছর রাজনীতিতে পূর্ণ মনোযোগ দেওয়ার ঘোষণা দেন।

তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন “রাজনীতি কোনো গ্ল্যামারাস পর্দার জায়গা নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র। আমি এখানে অভিনয় করতে আসিনি, এসেছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে।”

বিজয়ের এই রাজনৈতিক যাত্রা মোটেও মসৃণ ছিল না। ২০২৫ সালে কারুরে তার সমাবেশে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনা তদন্তের মুখে পড়েছিল। তবে সমস্ত বাধা ও বড় বড় রাজনৈতিক জোটের প্রস্তাব এড়িয়ে তিনি একাই লড়ার সাহস দেখিয়েছেন। বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ডিএমকে-কে ‘রাজনৈতিক শত্রু’ হিসেবে চিহ্নিত করে তিনি তামিলনাড়ুর সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড ৮৫ শতাংশের বেশি। যদি বর্তমান ধারা অব্যাহত থাকে, তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার ছুঁতে বিজয়ের আর মাত্র কয়েকটি আসন প্রয়োজন।

এখন দেখার বিষয়, পর্দা কাঁপানো ‘থালাপতি’ শেষ পর্যন্ত তামিলনাড়ুর কুর্সিতে বসে নতুন ইতিহাস গড়তে পারেন কি না।

তথ্যসূত্র: এনডিটিভি, দ্য হিন্দু এবং নির্বাচন কমিশন (ভারত)।