আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন নৌবাহিনীর হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রতিক্রিয়ায় ওই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে শক্তিশালী পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
শনিবার (৯ মে) রাতে এক বিশেষ বার্তায় আইআরজিসি জানায়, ইরানের কোনো জাহাজ যদি পুনরায় মার্কিন আগ্রাসনের শিকার হয়, তবে তার জবাব দেওয়া হবে সরাসরি মার্কিন স্থাপনায় হামলার মাধ্যমে। বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ড এক বিবৃতিতে বলেছে “আমাদের মিসাইল ও ড্রোন বহর বর্তমানে শত্রুর দিকে তাক করা আছে। আমরা কেবল চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছি।”
উত্তেজনার সূত্রপাত হয় গত শুক্রবার (৮ মে), যখন মার্কিন নৌবাহিনী দুটি বিশালাকৃতির ইরানি ট্যাংকারে হামলা চালায়। ইরানি সংবাদমাধ্যমের দাবি, অবরোধ ভেঙে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টাকালে চালানো ওই হামলায় কয়েকজন ক্রু নিখোঁজ হয়েছেন। তবে স্থানীয় কিছু কর্মকর্তা নিখোঁজের বিষয়টি অস্বীকার করলেও হরমুজ প্রণালি এলাকায় ব্যাপক সামরিক সতর্কাবস্থা জারি রয়েছে।
যুদ্ধের এই আশঙ্কার মাঝেই কূটনৈতিক তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যুদ্ধ এড়াতে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর তথ্যমতে দুই দেশের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক তৈরির চেষ্টা চলছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা শিথিল। এখনো নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দুই পক্ষ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সাথে এই সম্ভাব্য সমঝোতাকে ঘিরে ইরানের অভ্যন্তরেও অস্থিরতা তৈরি হয়েছে। দেশটির অতি-কট্টরপন্থি গোষ্ঠী ‘জেবহে-ই পায়দারি’ বা এন্ডুরেন্স ফ্রন্ট এই আলোচনার তীব্র বিরোধিতা করছে। তারা এই আলোচনাকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের পরিপন্থী এবং ‘আত্মসমর্পণ’ হিসেবে অভিহিত করেছে। তারা এমনকি আলোচনায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তাদেরও প্রকাশ্যে সমালোচনা করছে, যা ইরানের অভ্যন্তরীণ ঐক্যকে সংকটের মুখে ফেলেছে।
ইরানের সামরিক সূত্রগুলো হুঁশিয়ারি দিয়েছে যে, মার্কিন যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বৈশ্বিক নিরাপত্তায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

