আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিনের বৈরিতা ও রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুগান্তকারী চুক্তির আওতায় আজ সোমবার রাত থেকেই মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হতে যাচ্ছে। একই সঙ্গে ইরানের ওপর ওয়াশিংটনের দীর্ঘদিনের কৌশলগত নৌ অবরোধও আজ রাত থেকেই প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে।
ইসরায়েলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই কূটনৈতিক সমঝোতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। ভারতে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশনও সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) বিবৃতিটি শেয়ার করেছে।
চুক্তির মূল বিষয়গুলো হলো, আজ রাত থেকেই কার্যকর হবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। লেবাননসহ মধ্যপ্রাচ্যের যেসব অঞ্চলে ইরানের মিত্র গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে, সেখানেও সংঘাতের অবসান ঘটবে। হরমুজ প্রণালিসহ ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র যে কঠোর নৌ নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তা আজ রাত থেকেই তুলে নেওয়া শুরু হবে। এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দিতে এবং একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামী ৬০ দিনের মধ্যে উভয় পক্ষ আবার আলোচনায় বসবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওয়াশিংটনে এক জরুরি ঘোষণায় ইরানের সঙ্গে এই সমঝোতা সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি এখন থেকে সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।
চুক্তি সম্পন্ন হলেও সুর নরম করেনি তেহরান। উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এটি একটি সুযোগ, তবে শেষ কথা নয়।” ৬০ দিনের অন্তর্বর্তীকালীন সময়ে বা পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের কোনো মিত্র যদি এই চুক্তির শর্তাবলি লঙ্ঘন করে, তবে ইরান চুপ থাকবে না। যেকোনো চুক্তি ভঙ্গের জবাবে তেহরান তাৎক্ষণিক ও কঠোর প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন তিনি।
ওয়াশিংটন-তেহরানের এই আকস্মিক সমঝোতায় চরম অস্বস্তিতে পড়েছে তাদের অন্যতম প্রধান মিত্র ইসরায়েল। চুক্তির শর্তাবলি প্রকাশ্যে আসার পর থেকেই তেল আবিবের নীতিপ্রণেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ইসরায়েলের উচ্চপদস্থ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তাদের মতে “এই সমঝোতা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া কিংবা হিজবুল্লাহ-হামাসের মতো আঞ্চলিক প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করার যে যৌথ লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছিল— এই চুক্তিতে তার কোনো প্রতিফলনই ঘটেনি।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল, যা ইসরায়েলকে অনেকটাই একঘরে বা প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দিতে পারে।

