দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার: বন্দি প্রত্যর্পণে ঢাকাকে ৩০ দিনের ডেডলাইন আবুধাবির

0
দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার: বন্দি প্রত্যর্পণে ঢাকাকে ৩০ দিনের ডেডলাইন আবুধাবির

বাংলাদেশ প্রতিবেদকঃ ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঢাকাকে নিশ্চিত করে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ তাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) পাঠানোর আহ্বান জানিয়েছে দেশটি।

সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় পাঠানো এক জরুরি চিঠিতে এই ডেডলাইন ও শর্তের কথা জানানো হয়েছে।

কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত ১২ জুন সাবেক এই পুলিশ প্রধান লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যাত্রাপথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে থাকাকালীন ইন্টারপোলের রেড নোটিশ (নং- A-5174/4-2025) অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আমিরাত পুলিশ।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি ও অর্থ পাচার মামলার পরিপ্রেক্ষিতে এই রেড নোটিশ জারি ছিল। গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে আদালত দেশটির ‘ফেডারেল আইন নং ৩৯/২০০৬’-এর ১১ নং ধারা অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

আমিরাতের পাঠানো চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, আন্তর্জাতিক আইনি প্রটোকল অনুযায়ী এই গ্রেপ্তারের পর আগামী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমের সাহায্যে লিখিতভাবে বাংলাদেশ সরকারকে একটি প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাঠাতে ব্যর্থ হলে আইনি জটিলতা তৈরি হতে পারে এবং বেনজীর আহমেদ জামিনে মুক্তি বা পার পেয়ে যেতে পারেন।

আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী, বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য মূল অনুরোধপত্রের সঙ্গে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ আরবি ভাষায় অনুবাদ করে, উপযুক্ত স্বাক্ষর ও সিলমোহরসহ জমা দিতে হবে। নথিপত্রগুলোর মধ্যে রয়েছে:

অভিযুক্ত সাবেক আইজিপির নাম, বিস্তারিত বিবরণ, ছবি এবং তার জাতীয়তা ও আবাসন সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য। যে অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, বাংলাদেশের দণ্ডবিধিতে তার ধারা, সর্বোচ্চ শাস্তি এবং সীমাবদ্ধতার সংবিধির (Statute of Limitations) সার্টিফাইড কপি। বাংলাদেশের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত মূল আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা। মামলার ঘটনার বিশদ বিবরণ, অপরাধের ধরন, সময় ও স্থান উল্লেখপূর্বক তদন্তকারী সংস্থার (দুদক) আনুষ্ঠানিক প্রতিবেদনের অনুলিপি। ব্যক্তিটি ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়ে থাকলে, আদালতের রায় এবং সাজা কার্যকরের আনুষ্ঠানিক অনুলিপি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এই চিঠি পাওয়ার পর পরই ইন্টারপোলের ঢাকা শাখা ও দুদক সমন্বিতভাবে কাজ শুরু করেছে। নির্দিষ্ট সময়ের আগেই সমস্ত আইনি দস্তাবেজ আরবিতে অনুবাদ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবুধাবিতে পাঠানোর জোর প্রস্তুতি চলছে।