আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদযাপন চলাকালীন নিউইয়র্ক সিটির বিখ্যাত কোনি আইল্যান্ড (Coney Island) এলাকায় এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। উৎসবের আমেজের মধ্যেই আকস্মিক এই হামলায় ৪টি শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) বরাত দিয়ে রোববার (৫ জুলাই) এই খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।
এনওয়াইপিডি এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের এই ঐতিহ্যবাহী নেইবারহুডের ওয়েস্ট ৩১তম স্ট্রিটে আচমকা গোলাগুলির শব্দ শোনা যায়। গুলির খবর পেয়েই নিউইয়র্ক পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকা কর্ডন করে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা দিবসের আতশবাজি উৎসবের পরপরই এই নৃশংস হামলার ঘটনা ঘটে, ফলে মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ আতঙ্ক ও আর্তনাদে রূপ নেয়।
পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই কাপুরুষোচিত হামলায় গুলিবিদ্ধ ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ৪ জন প্রাপ্তবয়স্ক দুজন পুরুষ ও দুজন নারী। ৪ জন শিশু যাদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর। গুলিবিদ্ধ সমস্ত ভুক্তভোগীকেই উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীনদের মধ্যে সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে (ICU) রাখা হয়েছে।
এবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে হামলার মোটিভ (কারণ) এখনো স্পষ্ট নয় এবং ঘটনার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। এই বিষয়ে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে এনওয়াইপিডি-র কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীকে চিহ্নিত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।
তথ্যসূত্র: এবিসি নিউজ ও রয়টার্স

