আন্তরজাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে (ডোনাল্ড ট্রাম্প) হত্যা বা হত্যার চেষ্টা করা হলে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক নজিরবিহীন ও বিস্ফোরক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইতিমধ্যেই ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে এবং হামলার সমস্ত আইনি ও সামরিক প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
সম্প্রতি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া ক্ষুব্ধ বিক্ষোভকারীদের হাতে ট্রাম্পকে হত্যার সরাসরি ব্যানার প্রদর্শনের পর এবং মার্কিন গোয়েন্দাদের কাছে নতুন করে ছক ফাঁসের পর এই হুঁশিয়ারি এলো।
সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মার্কিন প্রশাসনের কাছে একটি চাঞ্চল্যকর ‘নিশ্চিত গোয়েন্দা তথ্য’ হস্তান্তর করেছে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইরান ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট ‘হত্যাকাণ্ডের ছক’ (Assassination Plot) সাজিয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসার পরই ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ভাষায় লেখেন “ইসলামি প্রজাতন্ত্র ইরানের দিকে ১,০০০ ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ ‘লকড অ্যান্ড লোডেড’ (প্রস্তুত) অবস্থায় তাক করে রাখা হয়েছে। ইরান সরকার যদি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে—এক্ষেত্রে আমাকে—হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।”
ট্রাম্প স্পষ্ট করেছেন যে, এই বিষয়ে মার্কিন ডিফেন্স ফোর্সকে প্রয়োজনীয় নির্দেশনা (Orders) অগ্রিম দিয়ে রাখা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী আগামী এক বছর এবং প্রয়োজনে তার চেয়েও বেশি সময় ধরে ইরানের সমস্ত এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিতে (Completely decimate) পুরোপুরি সক্ষম ও প্রস্তুত।
এই নতুন উত্তেজনার পারদ চড়ার পেছনে মূল সূত্রপাত ইরানের সদ্য সমাপ্ত একটি ঘটনা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার মিছিলে ট্রাম্পের ছবিতে ‘বুলেট’ ও ‘ক্রসহায়ার’ চিহ্ন এঁকে ব্যানার প্রদর্শন করে ইরানি বিক্ষোভকারীরা। ব্যানারে ইংরেজিতে লেখা ছিল, “আমেরিকা আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা তোমাদের ছাড়ব না।”
এর পাশাপাশি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের রেভল্যুশনারি গার্ডসের (IRGC) সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে সদ্য হওয়া ভঙ্গুর ‘যুদ্ধবিরতি’ বা সমঝোতা চুক্তিটি সম্পূর্ণ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করেছেন, “ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ!”
এদিকে ট্রাম্পের এই ধ্বংসাত্মক হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রশাসনকে একটি ‘রিয়েলিটি চেক’ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) তিনি দাবি করেন, ইরান এখনো তাদের সমঝোতা চুক্তি মেনে চলছে, বরং যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় নতুন করে নিষেধাজ্ঞা দিয়ে চুক্তি লঙ্ঘন করছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমেরিকা যদি হামলা চালায়, তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না; অল-আউট ডিফেন্সের (সর্বাত্মক প্রতিরোধ) জন্য তেহরান প্রস্তুত।”
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার পর থেকেই ট্রাম্প তেহরানের ‘এক নম্বর টার্গেটে’ পরিণত হয়েছেন। নতুন এই ১,০০০ ক্ষেপণাস্ত্রের হুমকি মধ্যপ্রাচ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের দামামা বাজিয়ে তুলতে পারে।

