আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মাঝে এবার কুয়েতে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ‘হিমার্স’ (HIMARS) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ড্রোন হামলায় গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির এলিট ফোর্স ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, রোববার (১২ জুলাই) এক ‘নির্ভুল ড্রোন অভিযানে’ যুক্তরাষ্ট্রের এই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সেগুলোর রকেট পড সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর দাবি করা হয়।
বিবৃতিতে আইআরজিসি জানায়, কুয়েতের যে মার্কিন ঘাঁটিতে এই ড্রোন হামলা চালানো হয়েছে, সেখানে থাকা হিমার্স লঞ্চারগুলো সরাসরি ইরানের দিকে হামলার জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল। শুধু উৎক্ষেপণ ব্যবস্থাই নয়, এর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্রের পডগুলোও ড্রোন আঘাত হেনে ধ্বংস করে দিয়েছে।
ইরানের দাবি, সাম্প্রতিক সময়ে এবং গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালাতে এই স্বল্প-পাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্রগুলোই ব্যবহার করা হয়েছিল। সেই হামলার প্রতিশোধ এবং আত্মরক্ষার্থেই এই পাল্টা আঘাত।
আইআরজিসি তাদের বিবৃতিতে আরও দাবি করেছে, এই ড্রোন হামলায় ঘটনাস্থলেই তিন মার্কিন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
তবে ইরানের এই বড় দাবির বিপরীতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম ইরানের এই দাবিকে ‘প্রোপাগান্ডা’ বা অপপ্রচার বলে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। সেন্টকম স্পষ্ট জানিয়েছে “এই অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার খবর নেই। আমাদের সকল কর্মকর্তা ও সেনার হিসাব নির্ভুল রয়েছে।”
ইরানের এই আনুষ্ঠানিক দাবির কয়েক ঘণ্টা আগেই কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলের তিনটি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানির (কেওসি) একটি অফশোর তেল খনন প্ল্যাটফর্মে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ এই হামলাকে ‘উস্কানিমূলক’ বলে নিন্দা জানান। কুয়েত সরকার হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং একজন কর্মী আহত হওয়ার কথা নিশ্চিত করলেও, সরাসরি কোনো পক্ষকে এই হামলার জন্য দায়ী করেনি।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং এর জবাবে মার্কিন সামরিক বাহিনীর পাল্টা বিমান হামলার পর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন চরম রূপ নিয়েছে। শুধু কুয়েত নয়, আইআরজিসি দাবি করেছে তারা জর্ডান, ওমান এবং কাতারে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও লজিস্টিক সেন্টারগুলোকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। এই অঞ্চলের সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) জানিয়েছে যে তারা আকাশসীমায় বেশ কিছু ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রতিহত করেছে।
উভয় পক্ষের এই পাল্টাপাল্টি অনড় অবস্থান মধ্যপ্রাচ্যকে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

