আজকের প্রতিবেদক: এক বছর আগেও ক্ষমতার চূড়ায় ছিলেন শেখ হাসিনা। রাষ্ট্র কিংবা রাজনীতি— সবই চলত তার হুকুমে। কিন্তু গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর তার বিরুদ্ধে দায়ের হয় অসংখ্য মামলা। দীর্ঘ শাসনামলে গুম-খুন, দুর্নীতি, গণহত্যাসহ নানা অভিযোগে অভিযুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় হতে যাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে এ মামলার রায় ঘোষণা হতে পারে— জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র।
মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য-জেরার পর শেষ হয়েছে প্রসিকিউশনের যুক্তিতর্ক। স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক শেষ হলেই রায়ের তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। চলতি সপ্তাহে স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক ও প্রসিকিউশনের যুক্তি খণ্ডন শেষ হতে পারে। সেই হিসাবে ২৩ অক্টোবরের পর পাওয়া যাবে রায়ের দিনক্ষণ।
প্রসিকিউশনের তথ্যমতে, শেখ হাসিনার এ মামলায় মোট ৮৪ জনকে সাক্ষী করা হয়েছে। তবে, রাজসাক্ষীসহ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। এর মধ্যে চাক্ষুষ সাক্ষী সাতজন, আহত ভুক্তভোগী দুজন, ভুক্তভোগীর পরিবারের আটজন, আন্দোলনে অংশগ্রহণকারী সাতজন, আহতদের চিকিৎসক সাক্ষী তিনজন এবং জব্দ তালিকার সাক্ষী রয়েছেন ১৪ জন। সাংবাদিক হিসেবে সাক্ষ্য দিয়েছেন একজন। ময়নাতদন্তকারী একজন, ঘটনার সমর্থন সাক্ষী দুজন, রাজসাক্ষী একজন, বিশেষ তদন্তকারী একজন ও মূল তদন্ত কর্মকর্তা হিসেবে একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া ম্যাজিস্ট্রেট, বিশেষজ্ঞ, ওয়ারল্যাস বার্তার সাক্ষী হিসেবে একজন করে; ফরেনসিক, ঘটনার পটভূমির সাক্ষী হিসেবে দুজন করে জবানবন্দি দিয়েছেন ট্রাইব্যুনালে।
তথ্য বলছে, শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয় ৩ আগস্ট। প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে ২০২৪ সালের জুলাই-আগস্টের বীভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মণ। বাঁ চোখ নষ্ট আর নাক-মুখ না থাকলেও দৃঢ় মনে সাক্ষ্য দেন ২৩ বছরের এই তরুণ। গত বছরের ৫ আগস্ট পুলিশের ছোড়া গুলিতে তার পুরো চেহারা বিকৃত হয়ে যায়। তিনিই হন জুলাই গণহত্যার মামলার প্রথম সাক্ষী। ৮ অক্টোবর মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরার মাধ্যমে শেষ হয় মামলার সাক্ষ্যগ্রহণের ধাপ। তিনি ৫৪তম সাক্ষী ছিলেন।
মাঝে ৪৬ নম্বর তথা তারকা সাক্ষী হিসেবে আওয়ামী দুঃশাসনের পটভূমি তুলে ধরেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। একইসঙ্গে জুলাই-আগস্টে গণহত্যাসহ গত ১৬ বছরের গুম-খুনেরও বর্ণনা দেন তিনি। মাহমুদুর রহমানের পরই জবানবন্দি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনিও বিভিন্ন তথ্য তুলে ধরেন। লেখক-গবেষক বদরুদ্দীন উমরের মৃত্যুর আগে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দিও এ মামলায় সাক্ষ্য হিসেবে নেওয়া হয়। এছাড়া, ৩৬ নম্বর সাক্ষী হিসেবে আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলের অজানা সব তথ্য ট্রাইব্যুনালের সামনে আনেন রাজসাক্ষী হওয়া চৌধুরী মামুন। একইসঙ্গে ক্ষমাও চেয়েছেন তিনি।
এ মামলায় দালিলিক হিসেবে ৯০টি তথ্যচিত্র ও ৩৫টি বস্তুগত প্রমাণ জমা দেওয়া হয় প্রসিকিউশনের পক্ষ থেকে। এর মধ্যে তৎকালীন সরকারের সিদ্ধান্ত, গুলির নির্দেশনা, অডিও-ভিডিওসহ জব্দ করা বিভিন্ন নথিপত্র রয়েছে। মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার সাক্ষ্যের দিন চারটি ফোনালাপের অডিও রেকর্ড বাজিয়ে শোনানো হয় ট্রাইব্যুনালে; যা যুক্তিতর্কে শক্তভাবে উপস্থাপন করে প্রসিকিউশন। ফোনালাপের একটি শেখ হাসিনা-শেখ ফজলে নূর তাপসের, একটি হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের এবং দুটি হাসিনার সঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর। তাদের কথোপকথনে জুলাই-আগস্ট আন্দোলন দমনের নীলনকশা, নৃশংসতা ও হত্যাকাণ্ডের ইঙ্গিত মেলে। এছাড়া, সাক্ষীদের জবানবন্দিতেও উঠে আসে নানা তথ্য-উপাত্ত। ফলে আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত— দাবি প্রসিকিউশনের।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, যুক্তিতর্কে এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণ করেছে প্রসিকিউশন। কারণ, জুলাই-আগস্টে সংঘটিত ঘটনার মধ্যে ওয়াইড স্প্রেড (বিস্তৃত) ও সিস্টেম্যাটিক (পদ্ধতিগত) অপরাধ ছিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব অপরাধ ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি হিসেবে চিহ্নিতযোগ্য। এছাড়া, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ও নেতৃত্বেই রাষ্ট্রীয় পর্যায়ে এসব হত্যাযজ্ঞ সংঘটিত হয়। জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলনের শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন দমনে পুলিশ, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থাসহ পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়। এতে ১৪০০-এরও বেশি মানুষ নিহতের পাশাপাশি হাজারও ছাত্র-জনতা আহত হন। সবমিলিয়ে এসব অপরাধের দায়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ড চাওয়া হয়।
তিনি বলেন, “হাসিনা ও কামাল, কারও ক্ষেত্রেই মিটিগেটিং ফ্যাক্টর নেই। বরং সবগুলোই এগ্রাভেটিং ফ্যাক্টর, যা সর্বোচ্চ দণ্ড নিশ্চিতের পক্ষে যুক্তি দেয়। কারণ, প্রধান আসামি শেখ হাসিনা ছিলেন অপরাধের নিউক্লিয়াস। এমনকি এত সব অপরাধেও তার কোনো অনুশোচনা নেই। উল্টো তিনি ‘হার্ড-নাট ক্রিমিনাল’ হিসেবে আচরণ করছেন। ভারতে বসেও নানা আস্ফালন দেখাচ্ছেন। এছাড়া, কমান্ড স্ট্রাকচারে দ্বিতীয় পজিশনে ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তাই তাদের ব্যাপারে চরম দণ্ড চাওয়া হয়েছে ট্রাইব্যুনালে।”

