বাংলাদেশ প্রতিবেদক: চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে। এই মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন।
তদন্ত কর্মকর্তা আজ জবানবন্দির শুরুতেই আসামিদের নির্দিষ্ট অপরাধ ও ব্যক্তিগত দায়গুলো আদালতের সামনে তুলে ধরবেন। ঘটনার পুরো বর্ণনা দেওয়ার পাশাপাশি তদন্ত চলাকালে কোথা থেকে কী আলামত জব্দ করা হয়েছে, তার বিস্তারিত বিবরণ দেবেন তিনি।
গতকাল পর্যন্ত ১৬ জন আসামির অপরাধ নিয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে; আজ অবশিষ্ট ১৪ জন আসামির বিষয়ে তথ্য উপস্থাপন সম্পন্ন করার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই সাক্ষ্য গ্রহণ করছেন। রুহুল আমিন এই মামলার ২৫ নম্বর সাক্ষী। পুরো মামলায় মোট ৬২ জন সাক্ষীর তালিকা রয়েছে।
মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে সাবেক প্রক্টর ও কয়েকজন পুলিশ সদস্যসহ মাত্র ৬ জন বর্তমানে গ্রেপ্তার আছেন। সাবেক ভিসিসহ বাকি ২৪ জন এখনও পলাতক। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১০ ডিসেম্বর বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা এবং ৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন। হাসনাত আবদুল্লাহ তার জবানবন্দিতে আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে সমন্বয়কদের রাখা এবং কিছু টিভি চ্যানেলের বিতর্কিত ভূমিকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন।

