ঝিনাইদহ-৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0
ঝিনাইদহ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন মেহেদী হাসান রনি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৩ (মহেশপুর–কোটচাঁদপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও মরহুম শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে তিনি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলকালে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা চত্বর ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেহেদী হাসান রনি বলেন, তাঁর বাবা মরহুম শহিদুল ইসলাম মাস্টার আজীবন এই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং সেই আদর্শ ও রাজনৈতিক চেতনা অনুসরণ করেই তিনি রাজনীতি করছেন।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হলে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।