রংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস

0
রংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস

জয়নাল আবেদীন: “সরকারি খরচে বিরোধ শেষ -সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় রংপুরেও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বেলুন কবুতর উড়িয়ে জেলা জজশীপ চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জজশীপ চত্তরে ফিরে এসে আলোচনা সভার আয়োজন করে । রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ফজলে খোদা মোঃ নাজির‘র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর মহানগর দায়রা জজ মোঃ মশিউর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মাহমুদুল করিম, রংপুরের জেলা চিফ লিগ্যাল এইড অফিসার কৃষ্ণ কমল রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহেদ কামাল ইবনে খতীব, সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা, মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খ্রিস্টফার হিমেল রিছিল । সভাপতির বক্তব্যে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, আইনগত সহায়তা পাওয়ার অধিকার আমাদের মৌলিক মানবাধিকারগুলোর মধ্যে একটি।

তবে অনেক সময় আর্থিক অসচ্ছলতা বা আইনি জ্ঞান না থাকার কারণে সাধারণ মানুষ আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়ে থাকেন। বঞ্চিত মানুষদের বিনামূল্যে আইনি সেবা দিয়ে যাচ্ছে লিগ্যাল এইড। এপর্যন্ত দেশের প্রায় আট হাজার মামলা এই লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। লিগ্যাল এইডে মিথ্যা মামলা প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, কেউ মিথ্যা মামলা করে মানুষকে হয়রানি করালে তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, অন্যায়ের শিকার হতদরিদ্র ও বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপকারভোগী নাজমুন নাহার মিনু, মোছাঃ হালিমা খাতুন ও মোঃ নুর আলম রংপুর জেলার লিগ্যাল এইড অফিস থেকে সহায়তা প্রাপ্তির অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে সেরা আইনজীবী প্যানেলের আইনজীবী লায়লা আনজুমান বানু ও আইনজীবী শামীম আল মামুনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান চত্তরে লিগ্যাল এইড মেলায় আরডিআরএস বাংলাদেশ সহ কয়েকটি বেসরকারী সংস্থা ষ্টল দিয়ে আইনী সহায়তার পরামর্শ প্রদান করেন ।