মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যা: আদালতে ১৬ সাক্ষীর জবানবন্দিতে নরপিশাচ সোহেল রানার লোমহর্ষক পাশবিকতার চিত্র

0
মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যা: আদালতে ১৬ সাক্ষীর জবানবন্দিতে নরপিশাচ সোহেল রানার লোমহর্ষক পাশবিকতার চিত্র

আদালত প্রতিবেদকঃ রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে শিরশ্ছেদ করে হত্যার মামলায় আদালতে উঠে এসেছে গা শিউরে ওঠা বিভীষিকাময় বর্ণনা। মঙ্গলবার (২ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসার বাবা-মা ও প্রতিবেশীদেরসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সাক্ষীদের জবানবন্দিতে নরপিশাচ সোহেল রানার পৈশাচিকতা এবং গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পুরো চিত্র উন্মোচিত হয়েছে।

আদালতে কান্নাজড়িত কণ্ঠে রামিসার মা পারভীন আক্তার সেই অভিশপ্ত সকালের বিবরণ দেন। তিনি জানান, ঘটনার দিন সকালে রান্নার সময় একটি শিশুর আর্তচিৎকার শুনেছিলেন। তবে সেটি যে তার নিজের সন্তানের, তা বুঝতে পারেননি। রান্না শেষে রামিসাকে না পেয়ে পুরো ভবন চষে ফেলেন তিনি।

একপর্যায়ে তৃতীয় তলার পাশের ফ্ল্যাটের সামনে রামিসার একটি জুতো পড়ে থাকতে দেখে তার বুক কেঁপে ওঠে। তিনি তখন দরজায় ধাক্কা দিয়ে ভেতরে থাকা স্বপ্না আক্তারকে চিৎকার করে বলতে থাকেন, “বোন দরজাটা খুলে দে।” কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। পরবর্তীতে উপস্থিত লোকজনকে স্বপ্না জানায় যে, সোহেল রানা ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে।

রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা জানান, খবর পেয়ে অফিস থেকে ছুটে এসে প্রতিবেশীদের সহযোগিতায় হাতুড়ি দিয়ে দরজার লক ভেঙে তারা ফ্ল্যাটে প্রবেশ করেন। ভেতরে ঢুকতেই মেঝেতে রক্তের দাগ দেখতে পান।

আদালতে রামিসার চাচা মিজানুর রহমান লিটন ও প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজন যে ভয়ানক বর্ণনা দিয়েছেন, তাতে স্তব্ধ হয়ে যায় আদালত কক্ষ। তারা জানান ফ্ল্যাটের ভেতরের একটি খাটের নিচে রামিসার রক্তাক্ত, বস্ত্রহীন ও মাথাবিহীন দেহ পড়ে ছিল। পাশেই একটি বড় প্লাস্টিকের বালতির ভেতর রাখা ছিল শিশুটির গলা ও হাত কাটা বিচ্ছিন্ন মাথা। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ধারালো পাতলা ছুরি উদ্ধার করে পুলিশ।

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো সাক্ষ্য দেন আবু সামা নামের এক প্রতিবেশী। তিনি জানান, সকাল ১০টার দিকে নাস্তা করার সময় তিনি হঠাৎ দেখেন পাশের ফ্ল্যাটের জানালা বেয়ে খালি গায়ে এক ব্যক্তি নিচে নামছে। চোর ভেবে তিনি ‘চোর চোর’ বলে চিৎকারও করেছিলেন। পরে ঘরে রামিসার লাশ উদ্ধারের পর এবং গণমাধ্যমে ছবি দেখে তিনি নিশ্চিত হন, জানালা দিয়ে গ্রিল কেটে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিই মূলত ঘাতক আসামি সোহেল রানা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল রহমান দুলু সাংবাদিকদের জানান, ১৬ জন সাক্ষীর প্রত্যকের বয়ানে এই বর্বর হত্যাকাণ্ডের অকাট্য ও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ভুক্তভোগী পরিবার আসামিদের পূর্বে না চিনলেও ঘটনার পারিপার্শ্বিকতা, রক্তমাখা আলামত এবং ঘাতকের পালিয়ে যাওয়ার চাক্ষুষ প্রমাণ আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জোরালো ভূমিকা রাখবে। অবুঝ শিশুকে চিরতরে হারানোর বিচার চেয়ে এখন প্রহর গুনছে রামিসার পরিবার।