জামিনে মুক্ত হলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

0
জামিনে মুক্ত হলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে অবশেষে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী। সবকটি মামলায় আদালতের মাধ্যমে জামিন পাওয়ার পর আজ বুধবার (০৩ জুন) রাত ১০টায় তিনি কারাগার থেকে বের হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার তাঁর মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনের সপক্ষে প্রয়োজনীয় আইনি ও আদালতের কাগজপত্র বুধবার রাতেই কাশিমপুর কারাগারে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই সম্পন্ন করে। আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টার দিকে তাঁকে কারামুক্ত করা হয়।

জেলার শিরিন আক্তার জানান “আজ রাতে সেলিনা হায়াৎ আইভীর জামিনের কাগজপত্র আমাদের হস্তগত হয়। সেটি যথাযথভাবে যাচাই-বাছাই করার পর রাত ১০ টায় তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরের দিকে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসভবন থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের জের ধরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন কারাভোগের পর সবকটি মামলায় আদালতের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে জামিন লাভ করলেন এই প্রভাবশালী নারী নেত্রী।

কারাফটকে আইভীর মুক্তির সময় তাঁর আইনজীবী ও বেশ কয়েকজন ঘনিষ্ঠ অনুসারী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।