রাণীনগর প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে গাঁজা সেবনের দায়ে মো. রাজ (১৯) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ সেপ্টেম্বর( শনিবার) রাতে উপজেলার চকমনু গ্রামে অভিযান চালিয়ে রাজকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। মো. রাজ উপজেলার চকমনু গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে।
দণ্ডাদেশের পর মো. রাজকে কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, সমাজ ও এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

