কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে ড্রাগন চাষ করে বাজিমাত করেছেন শিক্ষিত যুবক সৌরভ কুমার বিশ্বাস । তার বাড়ি মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামে।
রবিবার সরেজমিনে গিয়ে জানাজায়, ২০১৮ সালে এক শিক্ষকের কাছ থেকে মাত্র ১২টি ড্রাগনের কাটিং সংগ্রহ করে বাড়ির পাশে পরীক্ষামূলকভাবে ড্রাগন গাছ লাগিয়েছিলেন। পড়ালেখার পাশাপাশি পরিচর্যা করায় ধীরে ধীরে ড্রাগন গাছগুলোতে ফল ধরে। তাই এর প্রতি আগ্রহ বাড়তে থাকে তার। ২০২২ সালে উচ্চ মাধ্যমিক শেষে শৈশবের স্বপ্ন পূরণে পুলিশ বাহিনীতে যোগদানের চেষ্টা করেন। কিন্তু নানা কারণে সেই স্বপ্ন পূরণ না হওয়ায় নতুন করে কৃষিকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন। বিশেষ করে লাইটিং প্রযুক্তি ব্যবহার করে ১২ মাসই ফল উৎপাদন করছেন। ফলে মৌসুমের বাইরে গিয়েও বাজারে ড্রাগনের চাহিদা কাজে লাগিয়ে বাড়তি লাভ পাচ্ছেন। প্রতিদিন বাগান দেখতে ভিড় করছেন দূর-দূরান্তের মানুষ। তার সফলতার গল্প শুনে অনেকেই আগ্রহী হচ্ছেন ড্রাগন চাষে ।
সৌরভ জানান, ২০২৩ সালে তার বাবা স্বপন কুমার বিশ্বাসের সহযোগিতায় বড় পরিসরে ড্রাগন চাষ শুরু করেন। বর্তমানে দুই বিঘা জমিজুড়ে গড়ে তুলেছেন আধুনিক ড্রাগন বাগান। সেখানে রয়েছে ইলোরা, পালোরা, রেড ভেলভেট, বোল্ডার ও থাই রেডসহ বিভিন্ন জাতের প্রায় দুই হাজার গাছ। এতে লাইটিং পদ্ধতি ব্যবহার করে ১২ মাসই উৎপাদন করা হয় ফল । এসব ড্রাগন ফল বিক্রি করে বছরে ৮ থেক ৯ লাখ টাকা ইনকাম হচ্ছে। এখন আর তার চাকরি করার ইচ্ছে নেই। তবে প্রযুক্তিনির্ভর চাষাবাদ করলে যে কোন কৃষিতেই সফল হওয়া সম্ভব। আমি চাই তরুণরা বেকার না থেকে কৃষিতে এগিয়ে আসুক।
সৌরভ’র ড্রাগন বাগানটি দেখে প্রভাষক মো ঈদুর রহমান বলেন, এটি একটি স্বপ্নরাজ্য। ড্রাগন একটি উচ্চমূল্যের ফল। পরিকল্পিতভাবে চাষ করতে পারলে লাভ সম্ভব। এছাড়া সৌরভ প্রমাণ করেছে শিক্ষিত যুবকরা চাইলে কৃষিতেও সফল হতে পারে।
সাংবাদিক মিজানুর রহমান বুলেট আকন বলেন, এখানে এসে জানতে পারলাম, সারা বছরই ড্রগন ফল উৎপাদন করা যায়। তাই ছোট পরিসরে হলেও এ ধরনের একটি বাগান করার ইচ্ছা রয়েছে আমার। সাংবাদিকতার পাশাপাশি আমিও ড্রাগন বাগান করব।
উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মো.আরাফাত হোসেন জানান, কলাপাড়া উপজেলাটি বহুমুখী কৃষির জন্য সমৃদ্ধ। তাই এরই অংশ হিসেবে মহিপুরের তুলাতলী গ্রামের একজন মডেল কৃষক সৌরভ। তার বাবার দুই বিঘা জমিতে ড্রাগন চাষ করেছে । এ গাছগুলোতে মে থেকে নভেম্বর মাস পর্যন্ত ফল থাকে। তবে কৃত্রিম আলো ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে বছরের ১২ মাসই ড্রাগন উৎপাদন করা যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই সৌরভ। আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে আসছি।

