আসিয়ান সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ইন্দোনেশিয়া গেলেন

0
আসিয়ান সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ইন্দোনেশিয়া গেলেন

বাংলাদেশ প্রতিবেদক ঃ আসিয়ান সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-৫৮৪) রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা ৫০ মিনিট যাত্রা বিরতির পর (স্থানীয় সময়) বিকেল সারে ৫টার দিকে জাকার্তার সূকর্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

জাকার্তায় আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ ও ১৮তম ‘পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

বঙ্গভবনের মুখপাত্র বলেছেন, ‘ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং ২০২৩ সালের জন্য আসিয়ানের সভাপতি জোকো উইদোদোর আমন্ত্রণে রাষ্ট্রপতি জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।’

ইন্দোনেশিয়া সফর শেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিনী স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর যাবেন। এরপর ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।