বাংলাদেশ প্রতিবেদকঃ ক্ষমতাসীন আওয়ামীলীগ, বিএনপি-জামাতের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ কেরানীগঞ্জে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অনলাইনেও রয়েছে তাদের সতর্কতা। সড়ক-মহাসড়কে বিশেষ তৎপরতা চালাচ্ছে পুলিশ। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে র্যাবের হেলিকপ্টার। বাড়তি নিরাপত্তায় নামানো হয়েছে পাঁচ হাজারের অধিক আনসার সদস্য। শুক্রবার (২৭ অক্টোবর) ভোর থেকে কেরানীগঞ্জের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানা পুলিশ।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকার প্রবেশপথ পোস্তগোলা ব্রিজ, বাবুবাজার ব্রিজ, সদরঘাট, বসিলা ব্রিজসহ বেশকিছু পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দেখা যাচ্ছে। একই সঙ্গে ঢাকা জেলা পুলিশ সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা। দুই-তিনজনকে একসঙ্গে দেখলেই থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে নেওয়া হচ্ছে থানাতে। জানা গেছে, প্রতিটি জোনের সব থানাকে ১০-১২ জন করে অফিসার ও কনস্টেবল নিয়ে আলাদা আলাদা ভাবে কয়েকটি টিম করে পাড়া-মহল্লায় তল্লাশি ও অভিযানের নামে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সহায়তায় বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।
চেকপোস্টে দায়িত্বে থাকা কেরানীগঞ্জ মডেল থানা এসআই আবুল কালাম আজাদ বলছেন, উপরের নির্দেশে তারা রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন জেলা থেকে যেন জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ ঢাকায় প্রবেশ করতে না পারে সেই দিকে খেয়াল রাখা হচ্ছে। দূরপাল্লার বাসে সব যাত্রীকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজনদের আটকও করা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সড়ক-মহাসড়কে যানবাহনের সংখ্যা অন্যান্যদিনের তুলনায় শুক্রবার অনেক কম দেখা গেছে। নৌপথেও যাত্রী সংখ্যাও তুলনামূলক অনেক কম ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, কেউ যেন মহাসড়কে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের এই তল্লাশি অভিযান চলছে। গাড়ি ভাঙচুর বা আগুন দেওয়ার মতো নাশকতা যেন কেউ না ঘটাতে পারে সেজন্য আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। আমাদের এ তল্লাশি চলতে থাকবে। আরাম পরিবহণের চালক আইয়ুব আলী বলেন, ঢাকায় যাওয়ার পথে ফরিদপুর, ভাঙ্গা, ধলেশ্বরী টোল প্লাজাসহ পুলিশের চেকপোস্ট চোখে পড়েছে। তারা আমাদের যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করছে। ঢাকায় ২৮ অক্টোবর বিএনপি, আওয়ামী লীগ ও জামাতে সমাবেশকে কেন্দ্র করেই এ তল্লাশি চালানো হচ্ছে বলে ধারণা। যাত্রীদের অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত নন। যে যার মতো জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু পথে পুলিশ তাদের গাড়ি থামিয়ে দেহ তল্লাশিসহ মোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ মেসেজ, ছবি ঘাঁটাঘাঁটি করে দেখছে। তবে তল্লাশির তালিকায় বেশি রয়েছে মোটরসাইকেল।
এদিকে ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলরত কারও আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করছে র্যাব। মহাসড়কে অতিরিক্ত র্যাবও মোতায়েন করা হয়েছে। তারা প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল, রিকশাসহ দূরপাল্লার বাসগুলোকে থামিয়ে তল্লাশি করছে। দূর থেকে আশা যাত্রীদের করা হচ্ছে নানা প্রশ্ন।
র্যাব-১০’র অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ঢাকার প্রবেশপথ মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ফরিদপুরের ভাঙ্গা, কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজ, বাবু বাজার ব্রিজ, বসিলাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র্যাব ফোর্সেস। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জনগণের নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়াও, যে কোনো ধরনের হামলা ও নাশকতা রোধে র্যাব গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও প্রবেশপথসহ ঢাকার বিভিন্ন স্থানে র্যাব ফোর্সেসের চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, অনলাইনে দুস্কৃতকারীরা যাতে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সাইবার নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়াও, যে কোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও র্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ড যেন না ঘটে, সেজন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। চেকপোস্টের মাধ্যমে কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।
এদিকে শুক্রবার সকাল থেকেই বুড়িগঙ্গা নদী নৌযানশূন্য রয়েছে। এমনকি খেয়া নৌকাও নেই। কেরানীগঞ্জে শতাধিক খেয়াঘাটে পুলিশি পাহারা রয়েছে। কোনো খেয়া নৌকা যাতে পাড়ে ভিড়তে না পারে, সে জন্য এসব স্থানে সরকারদলীয় নেতা-কর্মীরাও রয়েছেন। খেয়া না থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে। এ বিষয়ে জানতে চাওয়া হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান দাবি করেন, আমরা যান চলাচলে কোনো রকম বাধা দিচ্ছি না।
সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিরুলিয়া ও ধামরাইয়ের ইসলামপুরে চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এদিকে চেকপোস্টে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও মালামাল তল্লাশির কারণে ঢাকা-আরিচা মহাসড়কের যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।
সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে সাভারে পাঁচজন ও আশুলিয়া থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় রাজনৈতিক দলগুলির সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটনাতে না পারে সেজন্য তল্লাশি করা হচ্ছে। এটি আমাদের নিয়মিত তল্লাশি কার্যক্রমেরই অংশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ‘আগের মামলা থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

