বাংলাদেশ প্রতিবেদক: ড. সুলতানা কামালকে সরকারের অ্যাজেন্ট বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী।
তিনি বলেছেন, এদের দিয়ে গঠিত গণতদন্ত কমিশন মানি না, আমরা জাতিসঙ্ঘের অধীনে তদন্ত চাই। সুলতানা কমালরা সরকারের অ্যাজেন্ট, এরা সরকারের হয়ে কাজ করছে।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে গণহত্যার বিচার , বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এ আলোচনা সভার আয়োজন করে প্রতিবাদী নাগরিক সমাজ।
অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, সন্তান হারার বেদনা একমাত্র মা ছাড়া কেউ বোঝে না। আবরার ফাহাদকে হত্যা করেছে শিবির তকমা দিয়ে, তখনি আমাদের নাগরিক সমাজকে এগিয়ে আসা দরকার ছিল। প্রথম যখন ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নাবালক হিসেবে আসে, আসার পর ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা গণরুমে নিয়ে কী ধরনের নির্যাতন করে সেটা তো আমরা জানি! এটি নিয়ে আমাদের আগেই দাঁড়ানো প্রয়োজন ছিল। ১৫ বছরের নির্যাতনের বহিঃপ্রকাশ হচ্ছে, হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছে, আমি ছাত্রদের সাধুবাদ জানাই, বিশেষ করে নারী শিক্ষার্থীদের।
তিনি বলেন, আমি আজও আবরার ফরহাদের হত্যাকাণ্ড ভুলতে পারিনি। সরকার সবসময় বলে জামায়াত-শিবির করেছে এই লীলা। আমার প্রশ্ন হলো হেলিকপ্টার, ট্যাংক এগুলো কই পেলো জামায়াত-শিবির? আপনারা সবসময় মিথ্যা বলেন। জামায়াত-শিবির যদি এত ক্ষমতাধর হতো তাহলে তো আপনারা ক্ষমতায় থাকতে পারতেন না। শিবির তকমা দিয়ে আন্দোলনকারীদের প্রশ্নবিদ্ধ করতে চায় তারা ( সরকার)।
ড. দিলারা চৌধুরী বলেন, বিশ্বে ছাত্র আন্দোলনের হত্যায় প্রথম চীন, তারা অনেক ছাত্রকে হত্যা করেছে। এরপর মনে হয়, দ্বিতীয় বাংলাদেশ । এত ছাত্র হত্যা করেছে! এর দায় নিয়েই সরকারকে পদত্যাগ করতে হবে।

