
বাংলাদেশ প্রতিবেদকঃ এ বছর নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন তিনি।
ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিই বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে; এ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের সহযোগীরা নানা গুজব ছড়ানোর চেষ্টা করবে। তিনি বলেন, ‘এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে। পূজা উপলক্ষে ৭০ হাজার পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে থাকাকালীনও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের কথা উল্লেখ করেছেন। নির্বাচন কেন্দ্র করে মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
এ সময় তিনি আরও বলেন, ‘পার্বত্য এলাকায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে নিয়ে বৈঠক করছেন।’
