বাংলাদেশ প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মালামাল রাখার এলাকায় আগুন লেগেছে, যার ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে।শনিবার বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।
তিনি বলেন, “বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে। আরো ১২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

