মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

0
মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলাদেশ প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। ঢাকাসহ দেশের ৪ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। ‌এ ছাড়া বিভিন্ন মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে রাতে হাজারীবাগে একটি বাসে আগুন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও একটি ককটেক বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সকালে মগবাজারের ইস্কাটনে আরেকটি কেকটেল ছোড়া হয়। এতে আহত হন একজন।

এদিকে, রাজধানীতে স্বাভাবিক রয়েছে গণপরিবহন থেকে শুরু করে সাধারণ যানবাহন চলাচল। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানও চলছে স্বাভাবিক নিয়মে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা বলছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর বাইরেও যেকোনো নাশকতা এবং অপরাধ মোকাবিলায় নাগরিকদেরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান পুলিশের।