বাংলাদেশ প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। তাদের দাবি, দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ দাবিতে দুর্নীতি দমন কমিশনের সামনে মানববন্ধন করে সংগঠনটি।
এর আগে উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। আজ সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয় পরিষদের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, ‘দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে।
মাহফুজ আলমের পিএস এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছে। তাই এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে সত্য উদঘাটনের জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।’
বক্তারা অভিযোগ করেন, দুদক যে সরকারই ক্ষমতায় আসে, সেই সরকারের ছায়াতলে থেকেই কাজ করে। যে কারণে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ দেখা যায় না।
এই দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে দুদক এখনো নীরব রয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, দুর্নীতির কারণে এ দুই উপদেষ্টা তাদের প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন।

