৬ দফা দাবিতে সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ডাক ব্যবসায়ীদের

0
৬ দফা দাবিতে সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ডাক ব্যবসায়ীদের

বাংলাদেশ প্রতিবেদকঃ কমিশন বৃদ্ধি ও হয়রানিমূলক জরিমানা বন্ধসহ ৬ দফা দাবিতে আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

গতকাল বুধবার সন্ধ্যায় সারাদেশে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে এক জরুরি নোটিশ জারির মাধ্যমে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল সংগঠনটি। দাবি পূরণ না হওয়ায় আজ থেকে সারাদেশে এলপিজি বিপণন, সরবরাহ এবং কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবসায়ী সমিতির লিখিত বক্তব্যে বেশ কিছু সংকটের কথা তুলে ধরা হয়েছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:

কমিশন বৃদ্ধি: পরিবেশকদের কমিশন বর্তমান ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা। হয়রানি বন্ধ: ভোক্তা অধিকার ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের ওপর চালানো অভিযান ও জরিমানা বন্ধ করা। মূল্য পুনঃসমন্বয়: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বাস্তবসম্মতভাবে এলপিজি সিলিন্ডারের মূল্য পুনরায় নির্ধারণ করা।

উল্লেখ্য, গত ৪ঠা জানুয়ারি বিইআরসি চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে। ব্যবসায়ীদের অভিযোগ, এলপিজি সংকট নিরসনের চেয়ে দাম বাড়ানো নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। প্রশাসনের অভিযানের ফলে বাজারে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যার ফলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন।

এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আজ বিইআরসি-তে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, সুনির্দিষ্ট সমাধান না আসা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না।

আজ থেকে সারাদেশে সিলিন্ডার সরবরাহ বন্ধ থাকায় সাধারণ ভোক্তা পর্যায়ে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শহর এলাকায় পাইপলাইন বিহীন গ্রাহকরা বড় ধরনের ভোগান্তিতে পড়তে পারেন।