শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর

0
শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর

বাংলাদেশ প্রতিবেদকঃ পুলিশসহ দেশের সকল শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনগণের আস্থা অর্জন এবং জনপ্রত্যাশা পূরণে সচেষ্ট হওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। স্বাভাবিকভাবেই এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়ন করতে চাই।” তিনি আরও যোগ করেন যে, পুলিশসহ অন্যান্য বাহিনীর গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে প্রথমেই অগ্রাধিকার তালিকা নিশ্চিত করতে হবে।

মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং জনবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন: প্রতিষ্ঠানগুলোর নৈতিক মানোন্নয়নের মাধ্যমে মানুষের পূর্ণ আস্থা অর্জন করতে হবে। প্রয়োজনীয় নতুন জনবল নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বাজেট মঞ্জুর করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীর যুগোপযোগী উন্নয়ন নিশ্চিত করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়নে একটি সুনির্দিষ্ট ও সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রী। এ লক্ষ্যে তিনি উপস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানদের দ্রুত পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন, যার ভিত্তিতে পরবর্তী সংস্কার কার্যক্রম পরিচালিত হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএম-সহ মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তাবৃন্দ।