নতুন বাংলাদেশের প্রত্যয়ে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর: দেড় যুগ পর দেশের মাটিতে তারেক রহমানের ঈদ

0
নতুন বাংলাদেশের প্রত্যয়ে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর: দেড় যুগ পর দেশের মাটিতে তারেক রহমানের ঈদ

বাংলাদেশ প্রতিবেদকঃ দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে এক অন্যরকম আবহে নিজ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ -তে কূটনীতিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সকাল ১০টা থেকেই ‘যমুনা’ অভিমুখে সাধারণ মানুষের ঢল নামে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান -কে সঙ্গে নিয়ে আগত অতিথিদের অভ্যর্থনা জানান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস । এছাড়াও মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন মুসলিম দেশসহ বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, “এই পবিত্র ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেন জনগণের কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর ছাত্র-জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাঁদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।”

তিনি আরও যোগ করেন, দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাঁর সরকারের মূল লক্ষ্য।

যুক্তরাজ্যে দীর্ঘ দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর গত বছরের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় পর দেশের মাটিতে ঈদ পালন করায় তাঁর কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শেরেবাংলা নগরে যাবেন। সেখানে তিনি তাঁর পিতা ও আধুনিক বাংলাদেশের স্থপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র কবর জিয়ারত করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন তিনি।