ভয়াল ২৫ মার্চ: ইতিহাসে কলঙ্কিত সেই ‘অপারেশন সার্চলাইট’ ও আজকের গণহত্যা দিবস

0
ভয়াল ২৫ মার্চ: ইতিহাসে কলঙ্কিত সেই ‘অপারেশন সার্চলাইট’ ও আজকের গণহত্যা দিবস

বাংলাদেশ প্রতিবেদকঃ আজ ২৫ মার্চ। বাঙালির ইতিহাসে এক রক্তভেজা ও বিভীষিকাময় কালরাত। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে মধ্যরাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। পৃথিবীর ইতিহাসের অন্যতম নৃশংসতম এই হত্যাযজ্ঞের স্মরণে আজ দেশজুড়ে পালিত হচ্ছে ‘গণহত্যা দিবস’।

১৯৭১ সালের ২৫ মার্চ রাত ১০টার পর থেকেই ঢাকাসহ সারা দেশে শুরু হয় পৈশাচিক ধ্বংসলীলা। তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার পথ মাড়িয়ে বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে স্তব্ধ করতে সামরিক বাহিনীকে গণহত্যার সবুজ সংকেত দিয়ে গোপনে ঢাকা ত্যাগ করেন।

ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় পাক সেনারা। জগন্নাথ হল ও তৎকালীন ইকবাল হলে (বর্তমানে জহুরুল হক হল) শত শত ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। ড. গোবিন্দচন্দ্র দেব ও ড. জ্যোতির্ময় গুহঠাকুরতাসহ ৯ জন শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।

পিলখানা ইপিআর সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইন্সে বাঙালি সদস্যরা তাদের সামান্য অস্ত্র দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও আধুনিক মারণাস্ত্রের মুখে তা বেশিক্ষণ টেকেনি।

পুরান ঢাকার শাঁখারিবাজার, মেডিকেল কলেজ হোস্টেল ও বস্তি এলাকাগুলোতে গোলার আঘাতে ও আগুনে পুড়িয়ে মারা হয় হাজার হাজার সাধারণ মানুষকে। এক রাতেই কেবল ঢাকা শহরেই ৫০ হাজারের বেশি প্রাণ ঝরে যায়।

কালরাতের এই বর্বরোচিত ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতির লক্ষ্যে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকেই রাষ্ট্রীয়ভাবে দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হচ্ছে।

আজ বুধবার সারা দেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ উপলক্ষ্যে বিশেষ বাণী প্রদান করেছেন।

দেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ২৫ মার্চের গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দুপুর ১২টা থেকে দেশের সকল সিটি করপোরেশন এলাকায় গণহত্যার দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উপাচার্যের বাসভবন সংলগ্ন ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী।

২৫ মার্চের সেই কালরাত বাঙালির জন্য ছিল শোকের, কিন্তু সেই শোকই পরবর্তীতে শক্তিতে রূপান্তরিত হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় লাল-সবুজের স্বাধীনতা। আজকের এই দিনে জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেই সব অকুতোভয় শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র।